দেওবন্দ সফটপাওয়ার, দোভাল এবং দক্ষিণ এশিয়ার মুসলিম হেজেমনি

দক্ষিণ এশিয়ার মুসলমানদের প্রতিনিধিত্ব করার পাকিস্তানের দাবিকে চ্যালেঞ্জ করতে ভারত দীর্ঘদিন ধরে প্রভাবশালী দেওবন্দি আলেমদের দেশভাগবিরোধী ঐতিহ্যকে কাজে লাগিয়ে আসছে। তালেবান সম্পর্কে অজিত দোভালের মন্তব্য এই ধর্মীয় কর্তৃত্বের কৌশলগত গুরুত্বকে সামনে আনে। তবে প্রমাণ বলছে, এই প্রভাব সর্বব্যাপী নিয়ন্ত্রণের নয়, বরং নির্বাচিত ও সীমিত প্রভাবের।

ALL TOPICSINTERNATIONAL AFFAIRS & SECURITYSAIFUL ISLAMEDUCATION, CULTURE & HISTORY

Saiful Islam

8/7/20261 মিনিট পড়ুন

২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যখন দারুল উলুম দেওবন্দ সফর করেন, তখন সেই সফরের প্রতীকী তাৎপর্য মাদ্রাসাটির সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এর ঠিক আগে ভারত ঘোষণা করেছিল যে কাবুলে তাদের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা হবে। তালেবান ক্ষমতায় আসার পর ভারত সফরকারী প্রথম জ্যেষ্ঠ তালেবান মন্ত্রীকে স্বাগত জানানো হয় সেই প্রতিষ্ঠানটিতে, যার নাম থেকেই ‘দেওবন্দি’ ধারার ‘নিজস্ব’ ‘স্বতন্ত্র’ পরিচয় আসছে।

নয়াদিল্লির জন্য এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ ও কূটনৈতিক গুরুত্ববাহী। যে ভারত দুই দশক ধরে ‘সাবেক আফগান প্রজাতন্ত্রকে’ সমর্থন করেছে এবং তালেবানের ‘বিরোধিতা’ করেছে, সে ভারত এখন নিজ ভূখণ্ডের একটি ধর্মীয় কেন্দ্রের মাধ্যমে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছে। এটাকে বলা যায় ‘দেওবন্দ সফটপাওয়ার’।

পাকিস্তানের জন্য এই বার্তাটি ছিল আরও তীক্ষ্ম। পাকিস্তানের মাদ্রাসাগুলো এবং নিরাপত্তা কাঠামো তালেবানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে- যেটা প্রমাণিত সত্য। কিন্তু এককভাবে তালেবানের ধর্মীয় উত্তরাধিকার কিংবা আঞ্চলিক সম্পর্কের ওপর দাবি প্রতিষ্ঠার একক সুযোগ নেই, এই সফর সে কথাও মনে করিয়ে দেয়।

এই সফর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটি পুরোনো ভিডিওকেও আবার আলোচনায় নিয়ে আসে। ২০১৪ সালের একটি বক্তৃতার প্রচারিত ক্লিপে দোভালকে বলতে শোনা যায় যে তালেবান ‘দেওবন্দিদের কথা অনেক বেশি শুনবে’, এরপর তিনি আফগানিস্তানে ভারতের উল্লেখযোগ্য সদিচ্ছা ও গ্রহণযোগ্যতার কথাও বলেন। অনলাইনে প্রচারিত সংস্করণগুলোর অনেকটিতে আরও জোরালো একটি ক্যাপশন দেখা যায়: ‘আমরা দেওবন্দের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করব।’ তার মানে ভারতের অন্তর্নিহিত যে মনোভাব তা হলো- দেওবন্দকে তারা কেবল একটি ধর্মতাত্ত্বিক কেন্দ্র হিসেবে নয়, সম্ভাব্য কৌশলগত প্রভাব বিস্তারের একটি মাধ্যম হিসেবেও আলোচনায় আগ্রহী। ভারতের অনেক থিংক ট্যাংক যেটাকে ‘দেওবন্দ সফটপাওয়ার’ হিসেবে ভাবেন।

ক্লিপটি কী প্রমাণ করে

দোভাল স্পষ্টভাবেই দেওবন্দি ধর্মীয় কর্তৃত্বকে তালেবানের ওপর সম্ভাব্য প্রভাব বিস্তারের একটি মাধ্যম হিসেবে উপস্থাপন করেছিলেন। তবে সরাসরি ‘নিয়ন্ত্রণ’-এর যে দাবি ভাইরালভাবে ছড়িয়েছে, তা উপলব্ধ সরকারি নথি যে মাত্রার বক্তব্য সমর্থন করে তার চেয়ে অনেক বেশি বিস্তৃত ব্যাখ্যা।

All Topics

দেওবন্দের ভেতরে শতবর্ষ পুরোনো বিভাজন

ভারতের রাষ্ট্রীয় কৌশলে দেওবন্দ কেন কার্যকর হতে পারে, তা বুঝতে হলে ফিরে যেতে হয় ঔপনিবেশিক ভারতের শেষ পর্যায়ের রাজনীতিতে। ‘আজাদী’র প্রশ্নে দেওবন্দি আন্দোলনের অবস্থান ছিল বিপরীত। ভারতের মুসলমানদের আলাদা রাষ্ট্র গঠন করা উচিত, নাকি একই ভূখণ্ডভিত্তিক জাতির অংশ হিসেবে থাকা উচিত, এই প্রশ্নে এর আলেমদের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছিল। মূলতঃ দার্শনিক প্রশ্ন ‘একজাতীয়য়াবাদ’ বনাম ‘দ্বিজাতি তত্ব’ প্রশ্নে দেওবন্দ ছিল ‘মুত্তাহিদা কওমিয়াত’- সারা ভারত এক ভৌগলিক ভূখন্ড- যেখানে ধর্মীয় পরিচয় গৌণ। এটাই ছিল মূলতঃ দেওবন্দী দর্শন।

মাওলানা হুসাইন আহমদ মাদানি সহ কয়েকজন প্রভাবশালী আলেমের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ‘জমিয়তে উলামায়ে হিন্দ’ মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। মাদানির ‘Composite Nationalism’ (সমন্বিত জাতীয়তাবাদ) ধারণা অনুযায়ী, একই ভূখণ্ডে বসবাসকারী মুসলমান ও অমুসলমান নিজেদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখেও একটি ‘রাজনৈতিক জাতি’ গঠন করতে পারে। জমিয়ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কাজ করেছিল এবং যুক্তি দিয়েছিল যে, দেশভাগ মুসলমানদের বিভক্ত করবে, ভারতে থেকে যাওয়া মুসলমানদের দুর্বল করবে এবং রাষ্ট্র গঠনের একমাত্র ভিত্তি হিসেবে ধর্মীয় পরিচয়কে প্রতিষ্ঠা করবে।

এই দার্শনিক অবস্থান ভারতকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক গুরুত্বসম্পন্ন একটি ‘সোশাল হেজিমনি’ এনে দেয়। ভারতীয় ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদের পক্ষে একটি ‘শক্তিশালী’ ইসলামী যুক্তি হিসেবে ভারত এটার ব্যবহারও করে। এর মাধ্যমে দিল্লী বলতে পেরেছে যে, পাকিস্তানের বিরোধিতা করা স্বভাবতই মুসলিমবিরোধী অবস্থান নয় এবং সীমান্ত আঁকার আগেই প্রভাবশালী মুসলিম আলেমরা দ্বিজাতিতত্ত্ব প্রত্যাখ্যান করেছিলেন।

তবে বিপরীত ইতিহাসটিও সমানভাবে অথবা অধিক গুরুত্বপূর্ণ। মাওলানা শাব্বির আহমদ উসমানি এবং আরও কয়েকজন দেওবন্দি আলেম জমিয়তের ‘একজাতি’ অবস্থান থেকে সরে গিয়ে মুসলিম লীগকে সমর্থন করেন এবং পাকিস্তানের পক্ষে ধর্মীয় বৈধতা গঠনে ভূমিকা রাখেন। তাঁদের অনুসারীরা পরে জমিয়তে উলামায়ে ইসলাম গড়ে তোলেন, যা পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। ফলে দেওবন্দি চিন্তাধারার উত্তরাধিকার আদর্শিক বিভাজনের উভয় পাশেই রয়েছে। ভারত মাদানির সমন্বিত জাতীয়তাবাদের উত্তরাধিকার দাবি করতে পারে, আর পাকিস্তান উসমানির মুসলিম আবাসভূমির পক্ষে ইসলামী যুক্তির উত্তরাধিকার দাবি করতে পারে।

দেওবন্দের এই অভ্যন্তরীণ বিভাজনই আধুনিক বয়ানের লড়াইয়ের ভিত্তি। রাজনৈতিক পক্ষগুলোকে নিজেদের কাজে লাগানোর মতো কোনো ধর্মীয় ঐতিহ্য নতুন করে তৈরি করতে হয় না। তাদের শুধু বিতর্কিত ইতিহাসের কোন শাখাটিকে সামনে তুলে ধরতে হবে, সেটি বেছে নিলেই হয়।

নোট

এই নিবন্ধে প্রচারিত দোভাল ভিডিও ক্লিপে সরাসরি শোনা যায় এমন বক্তব্য, অনলাইনে ছড়িয়ে পড়া সংস্করণে পরে যোগ করা ক্যাপশন এবং সরকারি বা নির্ভরযোগ্য প্রকাশিত সূত্রে সমর্থিত দাবিগুলোর মধ্যে পার্থক্য করা হয়েছে। ‘We will control them through Deoband’ বা ‘আমরা দেওবন্দের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করব’ বাক্যটি দোভালের ধারাবাহিক ও হুবহু উদ্ধৃতি হিসেবে নিশ্চিত করে এমন কোনো সরকারি ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়নি।

ছবি — আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করছেন। নয়াদিল্লি, ভারত, ১০ অক্টোবর ২০২৫। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় / হ্যান্ডআউট / আনাদোলু, গেটি ইমেজেস।

দোভালের ২০১৪ সালের বক্তৃতার কৌশলগত তাৎপর্য

২০১৪ সালের ফেব্রুয়ারিতে দোভাল SASTRA University-তে দশম নানি পালখিওয়ালা স্মারক বক্তৃতা দেন। সে সময় তিনি ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক এবং বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রধান ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিউজলেটারে বক্তৃতার শিরোনাম উল্লেখ করা হয়েছে ‘India’s Strategic Response to Counter Terrorism’ এবং সেখানে ২০০৮ সালের মুম্বাই হামলার পর নয়াদিল্লির প্রতিক্রিয়া নিয়ে তার সমালোচনাও আছে। বক্তৃতাটির সবচেয়ে ভালোভাবে নথিভুক্ত অংশ হলো দোভালের ‘defensive offence’ বা ‘প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক কৌশল’-এর যুক্তি। তার বক্তব্য ছিল, কোনো হামলার পরিকল্পনা হয়ে যাওয়ার পর শুধু তা ঠেকানোর মধ্যেই ভারতের সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং পাকিস্তানের দুর্বলতাগুলোকে লক্ষ্য করা উচিত, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা, আন্তর্জাতিক অবস্থান এবং আফগানিস্তানে প্রভাব। ‘You can do one Mumbai, you may lose Balochistan’ - আরেকটি মুম্বাই-ধরনের হামলা পাকিস্তানের জন্য বেলুচিস্তান হারানোর কারণ হতে পারে, তাঁর এই সতর্কবার্তাই বক্তৃতাটির সবচেয়ে বেশি আলোচিত বক্তব্যে পরিণত হয়।

দেওবন্দ প্রসঙ্গটিও একই কৌশলগত কাঠামোর অংশ। ভিডিও ক্লিপে অজিতকে বলতে শুনা যায় ‘Taliban is listen to dyband much more’। অজিত মূলতঃ তালেবানকে এমন একটি আন্দোলন হিসেবে উপস্থাপন করেন- যা ধর্মীয় কর্তৃত্ব, রাজনৈতিক সদিচ্ছা এবং বস্তুগত প্রভাবের প্রতি সংবেদনশীল হতে পারে। দোভালের বক্তব্যের অর্থ এই ছিল না যে দেওবন্দ মাদ্রাসা আফগান যোদ্ধাদের ওপর কোনো আনুষ্ঠানিক নির্দেশনার শৃঙ্খল পরিচালনা করত। বরং তার বক্তব্য ছিল, ভারতের হাতে এমন কিছু সম্পদ ও প্রভাবের ক্ষেত্র ছিল, যেগুলোর ওপর পাকিস্তান একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত না- তালেবান যে চিন্তাধারার অনুসারী বলে নিজেদের পরিচয় দেয় তার ঐতিহাসিক কেন্দ্র, ভারতের বৃহৎ অর্থনীতি, আফগানিস্তানে দীর্ঘদিনের সম্পর্ক এবং এমন মুসলিম সংগঠন, যারা কোনো ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার তুলনায় বেশি বিশ্বাসযোগ্যতার সঙ্গে বার্তা পৌঁছে দিতে সক্ষম হতে পারে।

এখানে ‘প্রভাব’ এবং ‘নিয়ন্ত্রণের’ মধ্যে পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালেবানের নেতৃত্ব প্রধানত আফগান নেটওয়ার্ক এবং পাকিস্তানভিত্তিক মাদ্রাসাগুলো থেকে উঠে এসেছে, বিশেষ করে আফগান জিহাদের প্রভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো থেকে। দারুল উলুম দেওবন্দের তালেবানের ওপর কোনো পরিচিত সাংগঠনিক কর্তৃত্ব নেই, এবং ভারতের আলেমরা বহুবার এই প্রতিষ্ঠানকে সশস্ত্র সহিংসতা থেকে স্পষ্টভাবে দূরে রেখেছেন। তাই দোভালের মন্তব্যকে কোনো প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রমাণ হিসেবে নয়, বরং একটি কৌশলগত আকাঙ্ক্ষার প্রকাশ হিসেবে পড়াই অধিক যুক্তিসঙ্গত।

ধর্মীয় কর্তৃত্ব কীভাবে জাতীয় বয়ানকে শক্তিশালী করে

সরকার বলতে পারে যে ভারতীয় মুসলমানরা দেশের বিশ্বস্ত নাগরিক, কাশ্মীর ভারতের অংশ, কিংবা সন্ত্রাসবাদের কোনো ধর্মীয় বৈধতা নেই। কিন্তু একই বক্তব্য যখন এমন মুসলিম আলেমদের মুখ থেকে আসে, যাদের কর্তৃত্ব আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র থেকে উৎসারিত নয়, তখন সেই বার্তার ওজন ভিন্ন মাত্রা পায়।

২০১৯ সালে কাশ্মীর নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের প্রস্তাব এর একটি স্পষ্ট উদাহরণ। সংগঠনটি কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে, দেশের ঐক্যের প্রতি সমর্থন জানায় এবং বিচ্ছিন্নতাবাদ প্রত্যাখ্যান করে। একই সঙ্গে তারা কাশ্মীরিদের কল্যাণ ও মর্যাদার কথাও বলে। ভারতীয় কূটনীতি ও অভ্যন্তরীণ রাজনীতির জন্য এই অবস্থানের গুরুত্ব জমিয়তের সদস্য সংখ্যার চেয়েও বেশি ছিল। কারণ এটি পাকিস্তানের সেই দাবিকে চ্যালেঞ্জ করেছিল যে মুসলিম ধর্মীয় পরিচয় স্বাভাবিকভাবেই কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন তৈরি করে। আরো গভীরভাবে বললে কাশ্মীরের আজাদীর সংগ্রামের পেছনে যে ‘দ্বিজাতি তত্ব’ কাজ করছে- সেটাকেই ডিমোরালাইজ করেছে দেওবন্দ।

সন্ত্রাসবিরোধী দেওবন্দি প্রচারণাতেও একই গতিশীলতা দেখা গিয়েছিল। ২০০৮ সালে দারুল উলুম দেওবন্দ ও সংশ্লিষ্ট আলেমরা প্রকাশ্যে ঘোষণা করেন যে সন্ত্রাসবাদ ইসলামের পরিপন্থী। এই উদ্যোগ ভারতীয় মুসলমানদের বাস্তব কিছু উদ্বেগের প্রতিক্রিয়া ছিল, যার মধ্যে ছিল সামষ্টিক সন্দেহের চোখে দেখা, অন্যায়ভাবে গ্রেপ্তার এবং ইসলামের নামে সংঘটিত সহিংসতার কারণে গোটা সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া। তবে একই সঙ্গে এটি বৃহত্তর একটি জাতীয় বয়ানকেও সহায়তা করেছিল। ভারত তার সবচেয়ে বিখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানকে জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মীয় প্রতিরোধের উৎস হিসেবে উপস্থাপন করতে পেরেছিল এবং এর বিপরীতে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী ও কিছু মাদ্রাসাকে দাঁড় করাতে পেরেছিল।

এই তুলনাটি রাজনৈতিকভাবে কার্যকর, কারণ এটি একটি অভিন্ন ধর্মীয় ঐতিহ্যকেই বৈধতার স্তরবিন্যাসে রূপ দেয়। ভারতীয় ধারাকে উপস্থাপন করা হয় মূল, পাণ্ডিত্য নির্ভর, ঔপনিবেশিক বিরোধী, সাংবিধানিক এবং শান্তিপূর্ণ হিসেবে। অন্যদিকে পাকিস্তানি শাখাগুলোকে তুলনামূলকভাবে বেশি আলোচনা করা হয় সামরিক শাসন, আফগান জিহাদ, সাম্প্রদায়িক সংগঠন এবং তালেবানের প্রেক্ষাপটে। এই তুলনার মধ্যে সত্যের উপাদান আছে, কিন্তু এটি ‘বাছাইকৃত’। ভারতের নিজেরও সাম্প্রদায়িক সহিংসতা এবং মুসলমানদের ওপর রাষ্ট্রীয় চাপের ইতিহাস রয়েছে, আবার পাকিস্তানেও এমন বহু দেওবন্দি আলেম ও প্রতিষ্ঠান রয়েছে যারা জঙ্গিবাদ প্রত্যাখ্যান করে। বয়ানের শক্তি আসলে এখানেই, একটি নির্দিষ্ট ধারাকে পুরো ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী হিসেবে প্রতিষ্ঠা করা।

অভ্যন্তরীণ বৈধতা থেকে আফগান কূটনীতিতে

২০২৫ সালে মুত্তাকির সফর দেখিয়েছে, কীভাবে একটি পুরোনো ধর্মীয় সংযোগকে সমকালীন কূটনীতির কাজে নতুনভাবে ব্যবহার করা যেতে পারে। ভারত ও তালেবান, উভয়েরই এই সম্পৃক্ততার বাস্তব কারণ ছিল। কাবুল চেয়েছিল বাণিজ্য, চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ, কনস্যুলার সেবা এবং বৃহত্তর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। অন্যদিকে নয়াদিল্লি চেয়েছিল আফগানিস্তানে নিজের প্রভাব পুনরুদ্ধার করতে, পাকিস্তান ও চীনের জন্য উপলব্ধ কৌশলগত পরিসর সীমিত রাখতে, এবং তালেবানের অভ্যন্তরীণ নীতিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না করেও নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে।

দেওবন্দ এমন একটি পরিসর তৈরি করেছিল, যেখানে এই সম্পৃক্ততাকে নিছক লেনদেনভিত্তিক সম্পর্ক হিসেবে নয়, বরং সভ্যতাগত ও ধর্মীয় সংযোগ হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়েছিল। মাদ্রাসাটি ভারতে অবস্থিত হওয়ায় নয়াদিল্লি তালেবান আন্দোলনের বুদ্ধিবৃত্তিক উৎসে একটি প্রতীকী প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করতে পেরেছিল। এই সফর একটি বার্তা দিয়েছিল যে কাবুল থেকে বৃহত্তর দেওবন্দি জগতের সঙ্গে সংযোগের পথ কেবল পাকিস্তানি মাদ্রাসা কিংবা পাকিস্তানের নিরাপত্তা কাঠামোর মধ্য দিয়েই যেতে হবে, এমন নয়।

পাকিস্তান ও তালেবান কর্তৃপক্ষের সম্পর্কের অবনতিও এই প্রতীকী তাৎপর্যকে আরও জোরালো করেছে। ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। একই সঙ্গে সীমান্ত সংঘর্ষ, বহিষ্কার এবং পারস্পরিক দোষারোপ এই ধারণাকে দুর্বল করেছে যে আফগান তালেবান দীর্ঘমেয়াদে পাকিস্তানের নির্ভরযোগ্য মিত্র বা প্রভাবাধীন শক্তি হিসেবেই থাকবে। ফলে ভারতের এই নতুন সম্পৃক্ততা কোনো আকস্মিক নীতিগত পরিবর্তন নয়, বরং একটি উদীয়মান কৌশলগত সুযোগের প্রতি সাড়া।

এই প্রেক্ষাপটে দোভালের এক দশক আগের পর্যবেক্ষণ আরও তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। তার বক্তব্যে এমন একটি সম্ভাবনার ইঙ্গিত ছিল যে ধর্মীয় বংশধারা, ‘ঐতিহাসিক সদিচ্ছা’ এবং অর্থনৈতিক সম্পৃক্ততাকে একত্রে ব্যবহার করে আফগান রাজনীতির ওপর পাকিস্তানের প্রভাব শিথিল করা যেতে পারে। ২০২৫ সালের সফর প্রমাণ করেনি যে ভারত তালেবানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এটি দেখিয়েছে যে ভারত সেখানে প্রবেশাধিকার অর্জন করেছে।

বাংলাদেশ: আরও জটিল এক ক্ষেত্র

বাংলাদেশের ক্ষেত্রে এই যুক্তি আরও জটিল হয়ে ওঠে। এখানে দেওবন্দি প্রভাবিত কওমি মাদ্রাসার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, কিন্তু ভারতের প্রতি রাজনৈতিক মনোভাব মোটেও একরৈখিকভাবে অনুকূল নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা এবং বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সহায়তাকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় বয়ান থেকে ভারত দীর্ঘদিন ধরে রাজনৈতিক সুবিধা পেয়েছে। স্বাভাবিকভাবেই এই ইতিহাস পাকিস্তানি জাতীয়তাবাদ এবং ১৯৭১ সালে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক দলগুলোর প্রতি সন্দেহ তৈরি করেছে।

তবে বাংলাদেশে পাকিস্তানবিরোধী মনোভাবকে বিশ্বাসযোগ্যভাবে ভারতের তৈরি বলে ব্যাখ্যা করা যায় না। ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার বাংলাদেশি সরকার ইসলামাবাদের কাছে বিভিন্ন অমীমাংসিত বিষয় উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি এবং সম্পদ বণ্টনসংক্রান্ত বিরোধ। ১৯৭১-এর স্মৃতি বাংলাদেশের রাষ্ট্র গঠন এবং রাজনৈতিক সংঘাতের গভীরে প্রোথিত। ভারত নিজের স্বার্থে এই স্মৃতিকে জোরালোভাবে সামনে আনতে পারে, কিন্তু এর অন্তর্নিহিত ক্ষোভ ভারতের সৃষ্টি নয় এককভাবে। হ্যাঁ, এটা সত্য- এই ক্ষোভ তৈরির পেছনে ভারতের একটা ‘ভূমিকা’ আছে।

একইভাবে, বাংলাদেশের দেওবন্দি নেটওয়ার্কগুলোকে নয়াদিল্লির নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবেও দেখা যায় না। কওমি মাদ্রাসা অঙ্গন থেকে উঠে আসা হেফাজতে ইসলাম ২০২১ সালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সংগঠিত করেছিল। সেই বিক্ষোভ পুলিশের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয় এবং দেখিয়ে দেয় যে বুদ্ধিবৃত্তিকভাবে দেওবন্দের সঙ্গে ঐতিহাসিক যোগসূত্র থাকলেও বাংলাদেশের ধর্মীয় রক্ষণশীলতা একই সঙ্গে প্রবল ভারতবিরোধী অবস্থান ধারণ করতে পারে।

বাংলাদেশ এটিও দেখায় যে আঞ্চলিক রাজনৈতিক বয়ান কত দ্রুত পরিবর্তিত হতে পারে। ২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও ইসলামাবাদ আবার উচ্চপর্যায়ের আলোচনা শুরু করে এবং বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ নেয়, যদিও ১৯৭১ নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার প্রশ্নটি তখনও অমীমাংসিত ছিল। একটি জনগোষ্ঠী একই সঙ্গে পাকিস্তানের অতীত সম্পর্কে সমালোচনামূলক অবস্থান ধরে রাখতে পারে এবং বর্তমান সময়ে ভারতের রাজনৈতিক প্রভাব প্রত্যাখ্যান করতে পারে। এই দুটি অবস্থান পরস্পরবিরোধী নয়।

প্রভাব মানেই আনুগত্য নয়

সবচেয়ে শক্তিশালী প্রমাণগুলো ব্যাপক ও সর্বাত্মক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থার চেয়ে বরং বাছাই করা অংশীদারিত্ব এবং নির্দিষ্ট বক্তব্যকে জোরালোভাবে সামনে আনার কৌশলকেই সমর্থন করে। দেওবন্দি আলেমরা যখন জাতীয় ঐক্যের পক্ষে অবস্থান নেন, পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করেন কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মীয় যুক্তি হাজির করেন, তখন ভারতীয় সরকারগুলো তা থেকে রাজনৈতিক সুবিধা পায়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সহানুভূতিশীল গণমাধ্যম এসব বক্তব্যকে আরও গুরুত্ব দিয়ে প্রচার করতে পারে, কূটনৈতিক পরিসরে তুলে ধরতে পারে এবং দক্ষিণ এশিয়ার ইসলামের একটি প্রামাণ্য বা গ্রহণযোগ্য কণ্ঠ হিসেবে উপস্থাপন করতে পারে।

কিন্তু দেওবন্দি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব স্বার্থ ও অবস্থান রয়েছে এবং তারা প্রায়ই ভারত সরকারের নীতির বিরোধিতাও করে। জমিয়তে উলামায়ে হিন্দ মুসলিম ব্যক্তিগত আইন, মাদ্রাসা, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকারের ওপর প্রভাব ফেলা বিভিন্ন নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের দেশপ্রেমমূলক ভাষা তাদের ভারতীয় জনতা পার্টি কিংবা নিরাপত্তা প্রতিষ্ঠানের অঙ্গসংগঠনে পরিণত করে না। বরং রাষ্ট্রের কাছে তাদের কার্যকারিতা আংশিকভাবে এই কারণেই যে তারা একটি স্বাধীন মুসলিম ধর্মীয় কর্তৃত্ব হিসেবে স্বীকৃত।

এই সম্পর্ক তাই মূলত লেনদেনভিত্তিক এবং কখনো কখনো উভয় পক্ষের জন্যই লাভজনক। ভারতীয় দেওবন্দি নেতারা জাতীয় আনুগত্যের ঘোষণা ব্যবহার করেন মুসলিম নাগরিকত্বের অবস্থানকে সুরক্ষিত করতে, বিচ্ছিন্নতাবাদের অভিযোগ মোকাবিলা করতে এবং জনপরিসরে একটি বৈধ অবস্থান ধরে রাখতে। অন্যদিকে রাষ্ট্র এসব ঘোষণাকে ব্যবহার করে পাকিস্তানের বক্তব্যের জবাব দিতে, অভ্যন্তরীণ ভিন্নমত সামাল দিতে এবং আন্তর্জাতিক পরিসরে ভারতের বহুত্ববাদী পরিচয় তুলে ধরতে। সরাসরি নির্দেশনা ছাড়াও সহযোগিতা থাকতে পারে, এবং অভিন্ন স্বার্থ কোনো গোপন নিয়ন্ত্রণ ছাড়াই সমন্বিত বয়ান তৈরি করতে পারে।

এ ছাড়া সীমান্ত পেরিয়ে পুরো দেওবন্দি ধারাকে নিয়ন্ত্রণ বা শৃঙ্খলাবদ্ধ করতে সক্ষম এমন কোনো একক কেন্দ্রও নেই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের দেওবন্দিরা ভিন্ন ভিন্ন রাষ্ট্রব্যবস্থা, সংঘাত এবং প্রাতিষ্ঠানিক অর্থনীতির মধ্যে বিকশিত হয়েছে। তাদের রাজনৈতিক অবস্থান সাংবিধানিক রাজনীতিতে অংশগ্রহণ থেকে শুরু করে সশস্ত্র বিদ্রোহ পর্যন্ত বিস্তৃত; ভারতীয় জাতীয়তাবাদ থেকে পাকিস্তানি ইসলামপন্থা পর্যন্ত, এবং বাংলাদেশের ধর্মীয় রক্ষণশীলতা থেকে দিল্লি ও ইসলামাবাদ উভয়ের বিরোধিতা পর্যন্ত নানা রূপ ধারণ করেছে।

লড়াইটি মালিকানার নয়, বৈধতার

ভারতের সুবিধা হলো, দেওবন্দের ঐতিহাসিক মূল প্রতিষ্ঠানটি তার ভূখণ্ডে অবস্থিত এবং আজাদী বিরোধী একটি ‘সুপ্রতিষ্ঠিত ঐতিহ্য’ও সেখানে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সুবিধা হলো, আফগান ও পাকিস্তানি দেওবন্দি নেটওয়ার্কগুলোর সঙ্গে কয়েক দশকের সরাসরি প্রাতিষ্ঠানিক, সামাজিক ও নিরাপত্তা সম্পর্ক। কোনো পক্ষই এই ঐতিহ্যের একচ্ছত্র মালিক নয়, এবং কোনো পক্ষই এর রাজনৈতিক পরিণতিকে নির্ভরযোগ্যভাবে নিয়ন্ত্রণ করতে পারে না।

দোভালের মন্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এতে স্পষ্ট হয় একজন নিরাপত্তা কৌশলবিদ ধর্মীয় কর্তৃত্বকে কীভাবে দেখতে পারেন? অজিত এটাকে দেখেন এমন একটি সম্পদ হিসেবে, যা সীমান্ত অতিক্রম করে প্রভাব বিস্তার করতে পারে, প্রতিপক্ষের আদর্শিক দাবিকে চ্যালেঞ্জ করতে পারে এবং এমন পক্ষের কাছেও পৌঁছাতে পারে যারা রাষ্ট্রকেই অবিশ্বাস করে। দেওবন্দে মুত্তাকিকে যে অভ্যর্থনা দেওয়া হয়েছিল, তা দেখিয়েছে যে এই কৌশলগত যুক্তি কেবল তাত্ত্বিক ছিল না।

তবে ‘দেওবন্দের মাধ্যমে নিয়ন্ত্রণ’ কথাটি প্রকাশ্য প্রমাণ যা দেখায় তার তুলনায় অনেক বেশি বিস্তৃত দাবি। ভারত যোগাযোগের পথ তৈরি করেছে, নিজেদের অনুকূলে থাকা আলেমদের বক্তব্যকে সামনে এনেছে এবং দক্ষিণ এশিয়ার মুসলমানদের প্রতিনিধিত্বের পাকিস্তানি দাবিকে দুর্বল করতে দেওবন্দের ইতিহাসকে ব্যবহার করেছে। কিন্তু তালেবান, কওমি মাদ্রাসা ব্যবস্থা কিংবা বৃহত্তর দেওবন্দি জগতের ওপর কোনো সাংগঠনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ভারত প্রতিষ্ঠা করেছে- এমন প্রমাণ নাই।

ভারত ধর্মীয় বহুত্বকে রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসেবে ব্যবহার করতে শিখেছে। আজাদীর বিরোধিতা করা এবং ভারতীয় জাতীয় পরিচয়কে স্বীকৃতি দেওয়া দেওবন্দি ধারাকে সামনে তুলে ধরে ভারত মুসলিম কণ্ঠের মাধ্যমে ভারতপন্থী অবস্থান উপস্থাপন করতে পারে, পাকিস্তানের ধর্মীয় জাতীয়তাবাদকে ঐতিহাসিকভাবে বিতর্কিত হিসেবে দেখাতে পারে এবং আফগানিস্তানের দিকে কূটনৈতিক যোগাযোগের পথ খুলতে পারে। এর ফল কোনো সর্বাত্মক বয়ান নিয়ন্ত্রণ নয়। বরং এটি দক্ষিণ এশিয়ায় মুসলিম রাজনীতিকে সংজ্ঞায়িত করার কর্তৃত্ব কার হাতে থাকবে, সেই প্রশ্নে দীর্ঘমেয়াদি ও পরিশীলিত এক প্রতিযোগিতা।

সাইফুল ইসলাম বাংলাদেশভিত্তিক একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক।

পাকিস্তানবিরোধী প্রভাব

ভারতীয় দেওবন্দি কণ্ঠগুলোকে সামনে আনা পাকিস্তানের জাতীয় বয়ানকে কয়েকভাবে দুর্বল করতে পারে। প্রথমত, এটি মনে করিয়ে দেয় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা শুধু হিন্দু নেতা বা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদীরা করেননি, বরং বহু প্রভাবশালী মুসলিম আলেমও এর বিরোধিতা করেছিলেন। ফলে পাকিস্তানকে দক্ষিণ এশীয় ইসলামের অনিবার্য রাজনৈতিক প্রকাশ হিসেবে নয়, বরং মুসলমানদের রাজনৈতিক নিরাপত্তাহীনতার একটি বিতর্কিত সমাধান হিসেবে দেখা যায়।

দ্বিতীয়ত, এটি ইসলামী বৈধতাকে পাকিস্তানি রাষ্ট্রসত্তা থেকে আলাদা করে। দেওবন্দি আলেমরা যখন ভারতীয় নাগরিকত্বের পক্ষে অবস্থান নেন, ‘জঙ্গিবাদের নিন্দা’ করেন বা ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করেন, তখন তারা দেখান যে একটি রক্ষণশীল বা প্রথাগত মুসলিম পরিচয় ভারতের প্রতি আনুগত্যের সঙ্গে সহাবস্থান করতে পারে। এটি দ্বিজাতিতত্ত্বের ‘আবেগগত’ ভিত্তিকেই সরাসরি চ্যালেঞ্জ করে।

তৃতীয়ত, এটি ভারতকে এমন একটি বয়ান তৈরির সুযোগ দেয় যেখানে পাকিস্তানকে ভারতে জন্ম নেওয়া একটি ধর্মীয় ঐতিহ্যকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ও সামরিকীকরণকারী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা যায়। যুক্তিটি শক্তিশালী- দেওবন্দ সৃষ্টি করেছিল ধর্মীয় পাণ্ডিত্য ও ঔপনিবেশিকবিরোধী রাজনীতির ঐতিহ্য থেকে, পাকিস্তানের নিরাপত্তা কাঠামো সেই উত্তরাধিকারের কিছু অংশকে প্রক্সি যুদ্ধের দিকে পরিচালিত করেছে। কাশ্মীর ও আফগানিস্তানের প্রসঙ্গে এই বয়ানটি বিশেষভাবে ব্যবহৃত হয়, যেখানে ভারত নিজেকে সীমান্তপারের জঙ্গিবাদের শিকার এবং পাকিস্তানকে তার পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরে।

সবশেষে, এটি পাকিস্তানকে ঐতিহাসিক বংশধারার দিক থেকে কিছুটা অস্বস্তিকর অবস্থানে ফেলে। পাকিস্তান ও আফগানিস্তানের বহু প্রতিষ্ঠান নিজেদের দেওবন্দি হিসেবে পরিচয় দেয়, কিন্তু এই ধারার প্রতিষ্ঠাকালীন মূল মাদ্রাসাটি এখনো উত্তর প্রদেশে অবস্থিত। ফলে ভারত এমন একটি কর্তৃত্বের উৎসের ওপর সাংস্কৃতিক মালিকানার দাবি তুলতে পারে, যার রাজনৈতিক উত্তরসূরীদের কেউ কেউ আবার ভারতেরই বিরোধিতা করে। এই দাবি আইনগত নয়, বরং প্রতীকী। কিন্তু ইতিহাস ও পরিচয় নিয়ে প্রতিযোগিতায় প্রতীকের গুরুত্বই অনেক সময় সবচেয়ে বেশি।